• বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৫৭ ১৪ অক্টোবর ২০২৬

সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রম জোরদার করতে দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও অপরাধ তদন্তের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া সরকার ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক এবং কারিগরি সহায়তায় নতুন সাইবার পুলিশ কেন্দ্র ও পরীক্ষাগার নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে পুলিশের ডিজিটাল অপরাধ তদন্তের সক্ষমতা আরও বাড়বে।
তিনি জানান, গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালনা করবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার প্রতারণা, আর্থিক অপরাধ ও শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধের ধরনও বদলাচ্ছে। এসব অপরাধ শনাক্ত এবং বিচারের জন্য নির্ভরযোগ্য ডিজিটাল প্রমাণ সংগ্রহে আধুনিক ফরেনসিক ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা অপরাধীদের সহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রায় ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য নিরাপদ সাইবার পরিসর’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় চট্টগ্রামে চারতলা ভবন নির্মাণ, সিআইডির সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ তদন্তে কর্মকর্তাদের দেশি-বিদেশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন