• মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর

দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:২৪ ১৩ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত ও দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ এবং পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগও চলছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোনার মানুষ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি কর্মসংস্থান হারিয়েছেন। তবে সংঘাত শেষ হলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠন কার্যক্রমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিহতদের মরদেহ দেশে পাঠাতে সহযোগিতা করছে। বাংলাদেশ দূতাবাসগুলোও এ বিষয়ে সক্রিয় রয়েছে।
রিয়াদে হামলার পর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁদের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন নুর।
তবে সৌদি আরব বর্তমানে সংকটের মধ্যে থাকায় এখনই বিষয়টি নিয়ে আলোচনা উপযুক্ত হবে না বলে মনে করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং কর্মীদের পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ নিয়ে আলোচনা করা যেতে পারে।

যুদ্ধে নিহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দ্বিপক্ষীয় শ্রমচুক্তির আওতাধীন কিছু প্রতিষ্ঠান পর্যাপ্ত ক্ষতিপূরণ দিলেও ছোট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষতিপূরণ তুলনামূলক কম হতে পারে।

বিজ্ঞাপন