• সোমবার , ০২ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২

সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫০ ২ নভেম্বর ২০২৬

ফ্রান্সের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে সুইজারল্যান্ডের জুরিখ ও বাসেল শহরে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) জুরিখের লাংস্ট্রাসে এলাকায় শত শত মানুষ জড়ো হন। তাঁদের অনেকের মুখে ছিল হ্যালোইনের মুখোশ। বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনের কাছে হেলভেটিয়াপ্লাজের দিকে অগ্রসর হওয়ার সময় আতশবাজি ও ফ্লেয়ার ব্যবহার করেন।

একপর্যায়ে হেলভেটিয়াপ্লাজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়। ময়লার পাত্র ও সাইকেল দিয়ে তৈরি ব্যারিকেডে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে কয়েকটি স্থানে গাড়ি ও ডাস্টবিনে অগ্নিসংযোগ এবং দোকানের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ তাদের লক্ষ্য করে পাথর, বোতল ও আতশবাজি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয়। রাত দেড়টা পর্যন্ত বিভিন্ন স্থানে উত্তেজনা অব্যাহত ছিল।

সংঘর্ষের মধ্যে জরুরি চিকিৎসাসংক্রান্ত একটি ঘটনায় যাওয়ার সময় পুলিশের একটি টহল গাড়িও হামলার মুখে পড়ে। এতে পায়ে গুরুতর আঘাত পাওয়া এক কিশোরের কাছে পৌঁছানোর আগেই পুলিশকে সরে আসতে হয় বলে জানানো হয়েছে।

এদিকে বাসেল শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে শহরের কেন্দ্রস্থলে প্রায় ১৫০ জন মানুষ সমবেত হন। পরে তাঁরা মিটলেরে রাইনব্রুক ও মার্কটপ্লাজ হয়ে সেন্ট জোহান এলাকায় যান। সেখানে কয়েকটি ব্যারিকেডে আগুন দেওয়া হলে পুলিশ হস্তক্ষেপ করে।

বিক্ষোভকারীদের প্রচারণায় ফ্রান্সের তরুণ আন্দোলনের প্রভাব দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেন জির হাতে নিয়ন্ত্রণ’ ধরনের স্লোগান ব্যবহার করে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জুরিখ ও বাসেলে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অননুমোদিত বিক্ষোভের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন