• রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

ইতালিতে বাঁধনের ওপর হামলা, তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫৭ ২৯ নভেম্বর ২০২৬

ইতালিতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে ঘটে যাওয়া এই ঘটনায় বাংলাদেশ দূতাবাসকেও তদন্তের বিষয়ে অবহিত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনার শুরু থেকেই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল বাংলাদেশ দূতাবাস।

গত সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয় রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা। প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফিরে ভাই, ভাবি ও ভাগনেকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে বের হন বাঁধন।

অভিযোগ রয়েছে, ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের ঘিরে ধরেন। এ সময় অভিনেত্রীকে হুমকি, গালিগালাজ ও নারীবিদ্বেষী মন্তব্য করা হয়।

একপর্যায়ে বাঁধনের দিকে ডিম ছুড়ে মারার পাশাপাশি তার শরীরে কোমল পানীয় ও পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আঘাত করা হয়। একজন তাকে চড় মারলে তার চশমা মাটিতে পড়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে বাঁধনের ভাই ও ভাবি এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তদের কয়েকজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিজ্ঞতার কথা জানান বাঁধন। অভিযুক্তদের শনাক্ত করতে সহায়তার জন্য নিজের ধারণ করা কয়েকটি ভিডিওও পরে প্রকাশ করেন তিনি।

ইতালিতে বাঁধনের ওপর হামলার অভিযোগ ঘিরে দুই দেশে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা শুরু হয়। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছিল।

ঘটনার প্রায় দুই মাস পর তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবরে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন