• বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০২ ২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই দিন দুপুর ২টায় চট্টগ্রামের আইইবি কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় চলমান আন্দোলন আরও জোরদার করার বিষয়ে আলোচনা শেষে নতুন করে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত দুই মাসের বেশি সময় ধরে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছেন। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি।

তাদের দাবি, সংকট দীর্ঘায়িত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক বিশ্ববিদ্যালয়জীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের সম্মতিতে শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, গত দুই মাস ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত বলে জানা যায়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর চুয়েটে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা এলো।

বিজ্ঞাপন