• মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!

সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩৯ ১০ নভেম্বর ২০২৬

বয়স ধরে রাখতে বোটক্স কিংবা কসমেটিক সার্জারির ওপর নির্ভর করতে চান না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর মতে, সৌন্দর্যের চেয়ে শরীর ও মনের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। জীবনের চল্লিশের দশককে নিজের সবচেয়ে উপভোগ্য সময় বলেও উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

সাংবাদিক বরখা দত্তের সঙ্গে ‘মোজো স্টোরি’র এক সাক্ষাৎকারে বোটক্স ও প্রসাধনী অস্ত্রোপচার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কারিনা। তিনি জানান, প্রাকৃতিক উপায়ে নিজের যত্ন নেওয়া এবং সুস্থ থাকাকেই বেশি গুরুত্ব দেন।

বোটক্স প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি বোটক্সের ঘোর বিরোধী। এ বিষয়ে আমি বরাবরই স্পষ্ট। আমি নিজের যত্ন নেওয়ার পক্ষে, তবে তা হতে হবে স্বাস্থ্যকর উপায়ে। সুস্থ থাকা, ভালো অনুভব করা এবং প্রাকৃতিক পদ্ধতিতে নিজের যত্ন নেওয়াই আমার পছন্দ।’

কারিনার কাছে নিজের যত্ন নেওয়া কেবল ত্বকের পরিচর্যা কিংবা শারীরিক সৌন্দর্য ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের প্রতিভাকে বিকশিত করা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং কাজের বাইরেও জীবন উপভোগ করাকে তিনি আত্মযত্নের অংশ মনে করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে তারুণ্য ধরে রাখার চেষ্টা না করে শরীর ও মনের সুস্থতা বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত।

তরুণীদের মধ্যে বয়স নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রবণতা নিয়েও কথা বলেন কারিনা। তাঁর মতে, অনেকেই ১৮ বা ২০ বছরের বেশি বয়সী দেখাতে চান না, যা তাঁকে ভাবায়।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, চল্লিশের দশকেই তিনি জীবনের সবচেয়ে ভালো সময় পার করছেন। এই বয়সে এসে নিজেকে আগের চেয়ে বেশি ভালো অনুভব করছেন এবং অভিনয়েও নিজের উন্নতি দেখতে পাচ্ছেন।

৪৬ বছর বয়সী কারিনা কাপুরের অভিনয়জীবন প্রায় আড়াই দশকের। ‘কাভি খুশি কাভি গাম’, ‘জব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন