• বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা

সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১ ২৬ নভেম্বর ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাঁর তৃতীয় সংসারেও ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। গীতিকার ও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। তবে বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানাননি এই সংগীতশিল্পী।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর দুজনেই আলাদা জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত এই সিদ্ধান্তের বিষয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং সম্মান প্রত্যাশা করেছেন তিনি।

পোস্টে নিজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি তাঁদের কাছে ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ করেন। জীবনের নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। তবে প্রায় পাঁচ বছর পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে প্রথম বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এ সংসারে রোদেলা নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

পরবর্তীতে ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে দ্বিতীয়বার বিয়ে করেন এই গায়িকা। ২০২১ সালে সেই সংসারেরও সমাপ্তি ঘটে। এ সংসারে নায়লা নামে তাঁর আরেকটি কন্যাসন্তান রয়েছে।

এরপর একই বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন ন্যান্সি। এবার সেই সম্পর্ক থেকেও আলাদা হওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

বিজ্ঞাপন