• রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলাম ও তার স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪০ ২৯ নভেম্বর ২০২৬

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই শ্যালকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন রয়েছেন।

সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছাড়াও তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে গিয়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। একপর্যায়ে তাকে কক্ষে অবরুদ্ধ করা হয়। পরে মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মাসুদুল হাসানের হস্তক্ষেপে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়েন তিনি।

এরপর আর মন্ত্রণালয়ে যাননি সায়লা ফারজানা। একই বছরের ৮ সেপ্টেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় মনিরুল ইসলাম, সায়লা ফারজানা, রেজাউল আলম শাহীন এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।

দুদকের এজাহারে আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। এর মধ্যে জমা হয়েছে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা এবং উত্তোলন করা হয়েছে ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা।

বিজ্ঞাপন