• বুধবার , ০৪ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:২১ ৪ নভেম্বর ২০২৬

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে।

অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

বাংলাদেশ ব্যাংক: https://www.bb.org.bd

এসএমই পোর্টাল: https://www.bb.org.bd/smespd_portal

আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

প্রাথমিক পর্যায়ে জমা পড়েছে ১৮ হাজারের বেশি আবেদন

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।

জেলাভিত্তিক আবেদনের মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি এবং রংপুরে ২ হাজার ৭৪৫টি আবেদন জমা পড়ে। নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের উদ্যোগ চিহ্নিত করা এবং অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির নীতিমালা ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করা হয়। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন