৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?


প্রকাশিত: ০২:২৭ ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রায় এক দশক আগে প্যারিসে বন্দুকের মুখে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না হারিয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। সেই ভয়াবহ ডাকাতির ঘটনায় এবার প্যারিসের একটি আদালত তাকে ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে মাত্র ১ ইউরো। তবে এত বড় ক্ষতির বিপরীতে এই সামান্য অর্থ দেওয়ার পেছনে রয়েছে ভিন্ন কারণ—প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে কিম নিজেই মাত্র ১ ইউরো দাবি করেছিলেন।
২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে হোটেল দ্য পোরতালেসে অবস্থান করছিলেন কিম। পুলিশের ছদ্মবেশে আসা ডাকাতদের কয়েকজন তার কক্ষে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলে তার মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায় তারা।
লুট হওয়া গয়নার মধ্যে ছিল কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি হীরার বাগদানের আংটিও। রয়টার্স জানিয়েছে, আংটিটির মূল্য ছিল প্রায় ৪০ লাখ ডলার। লুট হওয়া অধিকাংশ গয়না এখনো উদ্ধার করা যায়নি।
ঘটনাটি কিম কার্দাশিয়ানের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলেছিল। আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ডাকাতির মুহূর্তে তার মনে হয়েছিল তিনি হয়তো বেঁচে ফিরবেন না। পরে ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন তিনি।
২০২৫ সালে ডাকাতির ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে ডাকাতির মূল পরিকল্পনাকারী আওমার আইত খেদাশও ছিলেন। আদালতে সাক্ষ্যের সময় কিম তাকে ক্ষমা করার কথা বললেও জানান, ক্ষমা করার অর্থ এই নয় যে ঘটনার মানসিক আঘাত মুছে গেছে।
ডাকাতদের অনেকেই বয়সে প্রবীণ হওয়ায় ফ্রান্সে তারা ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিত হয়ে ওঠে। বিচার চলাকালে ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০-এর কোঠায়। অস্ত্রধারী ডাকাতি, অপহরণ ও অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিচার হয়।
মঙ্গলবার প্যারিসের আদালত কিমকে তার চাওয়া অনুযায়ী প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেয়। তার স্টাইলিস্ট সিমন হারুশকেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। ডাকাতির সময় তিনিও ঘটনাস্থলে ছিলেন।
তবে মামলার অন্য ক্ষতিগ্রস্তরা বড় অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন। হোটেলের এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ডাকাতির ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে তিনি ক্ষতিপূরণ ও সুদ মিলিয়ে প্রায় সাড়ে ৫ লাখ ইউরো চেয়েছিলেন। হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে আরও ৫০ হাজার ইউরো।
কিম কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাদের কাছে এই রায়ের মূল বিষয় অর্থ নয়; বরং জবাবদিহি এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্বীকৃতি পাওয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন তারা ঘটনাটি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।
বিচার-পূর্ব আটক অবস্থায় বেশ কয়েকজন আসামি ইতোমধ্যে তাদের সাজার বড় অংশ ভোগ করায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের নতুন করে কারাগারে যেতে হয়নি। দণ্ডপ্রাপ্তদের কেউ রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।
৬০ লাখ ডলারের বেশি গয়না হারানোর পরও মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ নেওয়ার সিদ্ধান্ত তাই অর্থ ফিরে পাওয়ার চেষ্টা নয়। কিমের বক্তব্য অনুযায়ী, এটি ছিল প্রায় এক দশক আগের ভয়ংকর ঘটনার জন্য আইনি স্বীকৃতি ও জবাবদিহির প্রতীক।
সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ইতালিতে বাঁধনের ওপর হামলা, তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরির সম্ভাবনা, কোন দিকে যেতে পারে
- সাবেক এসবিপ্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক
- স্নাতক পাশে জিআইসি গ্লোবালে চাকরি
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিদ্যুৎহীন ৮ লাখের বেশি গ্রাহক, বাতিল ৪০০ ফ্লাইট
- গোপালগঞ্জে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ বন্ধ, ভেন্যু সরাল বাফুফে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ




