• শনিবার , ০৭ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের

কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩ ৭ নভেম্বর ২০২৬

কেনিয়ার আলোচিত শাকাহোলা গণমৃত্যুর ঘটনায় ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অনুসারীদের যিশুর সঙ্গে দেখা করার আশ্বাস দিয়ে উপবাসে থাকতে প্ররোচিত করার অভিযোগে ১৯১ জনের মৃত্যুর ঘটনায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ১৯০ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক। একই মামলায় তার ২৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার হাইকোর্টে বিচারক ডায়ানা কাভেদজা এ রায় ঘোষণা করেন। আদালত পল ম্যাকেঞ্জিকে দুটি পৃথক অভিযোগে ১০০ বছর করে মোট ২০০ বছরের কারাদণ্ড দেন। সাজা দুটি ধারাবাহিকভাবে কার্যকর হবে। 
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ম্যাকেঞ্জি তার অনুসারীদের বোঝাতেন, খাবার ও পানি গ্রহণ বন্ধ রেখে কঠোর উপবাস করলে তারা যিশুর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং স্বর্গে যেতে পারবেন। তার নির্দেশে অনুসারীরা নিজেদের পাশাপাশি সন্তানদেরও খাবার থেকে দূরে রাখেন।

মামলার তদন্ত ও ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, ১৯১ জনের মধ্যে ১৮৩ জনের মৃত্যু হয়েছে অনাহার ও অপুষ্টিতে। বাকি আটজনকে সরাসরি হত্যা করা হয়েছিল। আদালত এসব মৃত্যুর ঘটনায় ম্যাকেঞ্জির প্রধান ভূমিকা থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর সাজা দিয়েছেন।

একই মামলায় ম্যাকেঞ্জির ২৮ সহযোগীকে অপরাধে তাদের ভূমিকা ও সম্পৃক্ততার মাত্রা বিবেচনায় ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ অনুসারীদের উপবাসে বাধ্য করতে সহায়তা করেছেন, আবার কেউ গণকবরের মাধ্যমে মৃত্যুর ঘটনা আড়াল করতে ভূমিকা রেখেছেন বলে মামলায় উঠে এসেছে।

মৃত্যুদণ্ডের আবেদন নাকচ, আপিলের ঘোষণা
মামলায় রাষ্ট্রপক্ষ পল ম্যাকেঞ্জির সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। তবে বিচারক সেই আবেদন গ্রহণ করেননি। আদালতের বিবেচনায়, দীর্ঘমেয়াদি কারাদণ্ডই এই অপরাধের উপযুক্ত শাস্তি।

অন্যদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন ম্যাকেঞ্জির আইনজীবীরা। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি পৃথক মামলা রয়েছে। সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড ও নির্যাতনসংক্রান্ত অভিযোগে সেসব মামলার বিচারপ্রক্রিয়াও চলমান।

শাকাহোলা বনাঞ্চলে কী ঘটেছিল?
২০২৩ সালে কেনিয়ার উপকূলীয় কিলিফি কাউন্টির শাকাহোলা বনাঞ্চলে গণকবরের সন্ধান পাওয়ার পর ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। সেখানে অনুসন্ধান চালিয়ে চার শতাধিক মরদেহ ও কঙ্কাল উদ্ধার করা হয়। এসব মরদেহের অনেকগুলোই পল ম্যাকেঞ্জির অনুসারীদের বলে তদন্তে উঠে আসে।

এই ঘটনা কেনিয়ায় ধর্মীয় গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং উগ্রপন্থা প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

বিজ্ঞাপন