• বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৫ ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামোতে সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে নিম্নতম মজুরি বোর্ড। বুধবার (২৫ নভেম্বর) মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় গোপন ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীতে অনুষ্ঠিত পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ আলোচনার পরও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি। পরে বোর্ডের ছয় সদস্যের ভোটে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।

নতুন মজুরি কাঠামোতে চারটি গ্রেডের জন্য আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব করা হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সে হিসাবে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে যে বেতন দেওয়া হবে, তাতে নতুন কাঠামোর প্রতিফলন থাকবে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের বেতন মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেডের ক্ষেত্রে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। এ নিয়ে সমঝোতা না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়।

এদিকে পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান মজুরির সঙ্গে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধি নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে।

শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়গুলো খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনায় চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক বেতন, মজুরি সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো উল্লেখ থাকবে।

তবে বোর্ডের বৈঠকে মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হলেও আনুষ্ঠানিক গেজেট প্রকাশ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। গেজেট প্রকাশের পরই নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক বাস্তবায়ন নিশ্চিত হবে।

বিজ্ঞাপন