• শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৬ ২০ নভেম্বর ২০২৬

ভারতের উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অপরাধচক্রের সহযোগী নাসিম দুররানি (৩৭)। বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সম্প্রতি দিল্লিতে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন নাসিম। আন্তর্জাতিক অপরাধচক্র ‘ডি-কোম্পানি’র সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সামিরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, দুই অপরাধী চক্রের পুরোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

অপরাধজগতে ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন নাসিম দুররানি। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার পরিকল্পনায়ও তার নাম উঠে আসে। এ ছাড়া সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার অভিযোগে একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ নাসিমের বিরুদ্ধে ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল। তাকে ধরিয়ে দিতে ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, দিল্লির বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, জুয়া ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নাসিমের গোষ্ঠীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

গত ২৬ মে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’ হত্যাকাণ্ডে নাসিমকে প্রধান শুটার হিসেবে শনাক্ত করে পুলিশ। এর কয়েক সপ্তাহ পর ১৫ জুন খুন হন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী রাশিদ ওরফে ‘পানিওয়ালা’। ওই হত্যাকাণ্ডে প্রতিদ্বন্দ্বী হারুন সাইফির গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, এসব হত্যাকাণ্ড ও অপরাধী চক্রের মধ্যে চলমান সংঘাতের সঙ্গে নাসিমের সরাসরি সংশ্লিষ্টতা ছিল।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন