• রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের

মাশরাফি এখনো মন্ত্রী হওয়ার আশায় আছেন, দাবি রাশেদ খাঁনের

শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি।

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৭ ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী করবেন—এমন প্রত্যাশা নিয়ে মাশরাফি বিন মর্তুজা অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সাবেক এই ক্রিকেটার ও সংসদ সদস্যের রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গুরুতর অভিযোগও তুলেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা রাশেদ খাঁন।

পোস্টে তিনি অভিযোগ করেন, নড়াইলের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়মিত আর্থিক সহায়তা দিচ্ছেন মাশরাফি। এমনকি সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের পেছনেও তার ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার ক্ষোভ থেকেই তিনি প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন এবং সহিংস কর্মকাণ্ডে অর্থায়ন করছেন বলে অভিযোগ করেন রাশেদ।

নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনা নিয়েও মাশরাফির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। রাশেদের দাবি, মাশরাফির সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও মাশরাফি নিজে প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দেননি।

এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় মাশরাফির বাবার নেতৃত্ব দেওয়ার অভিযোগও করেন রাশেদ খাঁন।

শেখ হাসিনার জন্মদিনে মাশরাফির শুভেচ্ছা জানানোর প্রসঙ্গ টেনে রাশেদ দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রত্যাশা থেকেই দুই বছর বিরতির পর এবার তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টে রাশেদ খাঁন মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের সময় মাশরাফির উচিত ছিল সংসদ সদস্যের পদ ছেড়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো। তা না হলে পরবর্তী সময়ে নিজের রাজনৈতিক ভূমিকার জন্য ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত ছিল বলেও মত দেন তিনি।

তার দাবি, মাশরাফি এখনো বিশ্বাস করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রিত্ব দেবেন। সেই প্রত্যাশা থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করছেন।

তবে মাশরাফির বিরুদ্ধে উত্থাপিত হত্যায় মদদ, অর্থায়ন ও সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে মাশরাফির বক্তব্যও আলোচিত প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন