• শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ ২৪ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। এখন নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক ছাড়পত্র পেলেই কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে।

প্রকল্প সূত্র জানিয়েছে, বায়েরার অনুমোদন মিললে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুতই পরীক্ষামূলক এই পাওয়ার স্টার্টআপ কার্যক্রম শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে এবং প্রতিটি ধাপের ফলাফল পর্যালোচনা করে উৎপাদনের মাত্রা ধীরে ধীরে বাড়ানো হবে।

এদিকে রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে বাংলাদেশ সফররত রাশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে বৈঠক করেছে। রোসাটমের প্রকৌশল শাখার প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি মন্ত্রীকে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের সার্বিক কারিগরি অগ্রগতি সম্পর্কে অবহিত করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং পরমাণু শক্তি কমিশনের শীর্ষ কর্মকর্তারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা শতভাগ সফলভাবে শেষ হয়েছে। বায়েরার সবুজ সংকেত পেলেই ইউনিটটি পরবর্তী ধাপে উন্নীত হয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় চলে যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করা যাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন