• রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির-ফুজাইরাহে মর্মান্তিক ঘটনা

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ গেল বাংলাদেশির-ফুজাইরাহে মর্মান্তিক ঘটনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ ১ এপ্রিল ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির ফুজাইরাহ অঞ্চলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি সূত্রে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আকাশসীমায় একটি সন্দেহজনক মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে ভূপাতিত করে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, ভূপাতিত ড্রোনটির অংশবিশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে। সেসময় সেখানে কর্মরত এক বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ও মানবিক সহায়তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন