• সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৬ ৮ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটিতে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কারাকাস সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানাল।

এর আগে ভেনেজুয়েলা সরকার নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও দেশটির সেনাবাহিনী পৃথকভাবে তাদের ২৩ জন সদস্য নিহত হওয়ার একটি তালিকা প্রকাশ করে। সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে পরিকল্পিতভাবে এবং ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে, যা দেশটির কাছে সরাসরি আগ্রাসনের শামিল।

এই ঘটনার প্রভাব শুধু ভেনেজুয়েলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মিত্র দেশ কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও মার্কিন হামলায় নিহত হয়েছেন। এতে করে পুরো লাতিন আমেরিকা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও জানান, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান। একই সঙ্গে প্রেসিডেন্ট মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার সাপ্তাহিক বক্তব্যে কাবেলো নিহত ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী ও দেশপ্রেমিক’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন দিয়েছেন। নিহতদের স্মরণে সরকার গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এই হামলাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে ভেনেজুয়েলা ও তার মিত্র দেশগুলো নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান জোরালো করার ইঙ্গিত দিয়েছে।

বিজ্ঞাপন