• রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প: নিহত ৭, আহত প্রায় ১৫০

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প: নিহত ৭, আহত প্রায় ১৫০

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:০০ ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের নিকটবর্তী হিন্দুকুশ অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ২৮ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা জানিয়েছেন, নিহত সাতজনের মধ্যে স্থানীয়রা ও আহতদেরকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমিকম্পের প্রভাবে রাজধানী কাবুলসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফের কাছেই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, মাজার-ই-শরিফের বিখ্যাত নীল মসজিদ বা ব্লু মসজিদের একটি অংশ ধসে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে ব্যস্ত। কিছু ভিডিওতে মরদেহ উদ্ধার করার দৃশ্যও প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন