• মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত শত ড্রোন-মিসাইল একসঙ্গে! ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ আগ্রাসন

শত শত ড্রোন-মিসাইল একসঙ্গে! ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ আগ্রাসন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪ ২৮ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই আক্রমণ টানা ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এবারই রাজধানী ও আশপাশের অঞ্চলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে এক ১২ বছরের কিশোরীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। যদিও শিশুটির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা একে ‘বড় হামলা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন—
“রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে। পুতিন ও তার সরকারকে বুঝতে হবে, যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল্য তাদেরই দিতে হবে। শাস্তিমূলক নিষেধাজ্ঞার মাধ্যমেই এ আগ্রাসন থামানো সম্ভব।”

শুধু রাজধানী নয়, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলও রুশ হামলার শিকার হয়েছে। সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

রোববার ভোরে কিয়েভের আকাশে অসংখ্য ড্রোন ঘুরতে দেখা যায়। সেগুলো প্রতিহত করতে ইউক্রেনীয় সেনারা বারবার প্রতিরক্ষা মিসাইল ছোড়ে। বিস্ফোরণ আর প্রতিরোধক মিসাইলের শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত হামলা চলতে থাকে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ হামলায় শহরের একটি কার্ডিওলজি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং রোগীদের নিরাপদে সরিয়ে নিতে হয়।

ক্রমবর্ধমান হামলার মুখে জীবন বাঁচাতে বহু বাসিন্দা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বাড়ছে। কর্তৃপক্ষের দাবি, এটি রাশিয়ার যুদ্ধ কৌশলের আরেকটি ভয়াবহ দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/