• মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দিকহারা সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে ওপরে: এবি পার্টির চেয়ারম্যান

দিকহারা সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে ওপরে: এবি পার্টির চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৬ ২ নভেম্বর ২০২৫

 


রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আজ রোববার এক আলোচনা সভায় বর্তমান সরকারের নীতিগত অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক চাপের মুখে নিজেদের নীতি ও অবস্থান হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নেই। বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছোটেন, জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বাঁয়ে ছোটেন। এনসিপির চাপে উনি মাঝে মাঝে ওপরে ওঠার চেষ্টা করেন।”

‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সভায় তিনটি দল ঐক্যবদ্ধ হয়ে সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের পথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র এখন গভীর সংকটে। তাঁর ভাষায়, “সবকিছু গুছিয়ে আনার পরে এখন সংকট ঘনীভূত হয়েছে তিন জায়গায়—গণভোট আগে না একসঙ্গে, নোট অব ডিসেন্টার কী হবে এবং আগামী নির্বাচনটা কিসের নির্বাচন।”

এই সংকটের জন্য সরকারের নীতিহীনতাকেই দায়ী করেন তিনি। সরকারের উদ্দেশে বলেন, “আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা আপনাদের অবস্থান সঠিক করেন। আপনারাও যদি রাষ্ট্রের মালিক সাজেন, তাহলে হবে না। আপনাদের মানুষের দুঃখ–দুর্দশা ও প্রয়োজনের কথা শুনতে হবে।”

সভায় তরুণদের প্রতি আহ্বান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “ওরাও রাস্তা বন্ধ করতে চায়, কারণ কথা সত্য—রাস্তা বন্ধ না করলে দাবি আদায় হচ্ছে না। উপদেষ্টারা এদের সঙ্গে বসে কথা বলার সময় পায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সঙ্গে কথা বলে। কদিন পর উপদেষ্টাদের রাস্তায় রাস্তায় হাঁটতে হবে।”

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানের পরও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আশা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়াকেই প্রাধান্য দিচ্ছে, জনগণের কথা ভাবছে না।”

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেন, “বিপ্লব এখন বিলাসে পরিণত হয়েছে। ছেঁড়া স্যান্ডেল থেকে ফাইভ স্টার হোটেল—এটা কোনো বিপ্লবীর চরিত্র হতে পারে না।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওহাব মিনার এবং আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ।

বিজ্ঞাপন