• বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা

কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯ ১২ নভেম্বর ২০২৬

কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তা। পাঁচ দিনের এই সরকারি সফরের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। এতে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সফরের অনুমতি পাওয়া চার কর্মকর্তা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

আদেশ অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য সময়ে কর্মকর্তারা নেদারল্যান্ডসে কুকুর বাছাই ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন। সফরের মূল কার্যক্রম চলবে পাঁচ দিন। তবে এই সময়ের মধ্যে যাতায়াত ও ট্রানজিটের সময় অন্তর্ভুক্ত থাকবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কর্মকর্তাদের বিদেশ সফর, যাতায়াত ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না।

এ ছাড়া সফর ও ট্রানজিটের সময় সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিবেচিত হবে। তবে অনুমোদিত সময়সীমার বাইরে কর্মকর্তারা বিদেশে অবস্থান করতে পারবেন না।

সফর শেষে দেশে ফেরার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে আদেশে স্বাক্ষরকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অফিস আদেশ জারি করা হয়েছে। তবে সফরের বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

কুকুরগুলো কোন কাজে ব্যবহার করা হবে, কতটি কুকুর নির্বাচন করা হবে কিংবা সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচয় সম্পর্কে প্রকাশিত আদেশের বিবরণে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন