• বৃহস্পতিবার , ০১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক

আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৪ ১ অক্টোবর ২০২৬

উদ্ধার ভুয়া আধার কার্ডভারতের আসাম রাজ্যের নিউ বঙ্গাইগাঁও রেলস্টেশন থেকে নয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। কাজের উদ্দেশ্যে অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা করার সময় যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও পাসপোর্টের পাশাপাশি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গাইগাঁও জেলা পুলিশ এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বঙ্গাইগাঁওয়ের পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাত্তা জানান, প্রথমে ছয়জনকে আটক করার পর পরবর্তীতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।   আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন, পাঁচটি রেল টিকিট এবং তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারতের অন্য কোনো রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিল।   উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর পৃথক আরেকটি অভিযানে গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী ও শিশুসহ মোট ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল আসাম পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  

বিজ্ঞাপন