• শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:২৪ ১৪ নভেম্বর ২০২৬

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ড. আব্দুল মান্নান তাকে ‘ফালতু লোক’ বলায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করলে তাৎক্ষণিক প্রতিবাদ জানান রাশেদ।

তিনি বলেন, জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দেন। তবে রাশেদ খাঁন জানান, যিনি মন্তব্য করেছেন, তাকেই তা প্রত্যাহার করতে হবে।

আব্দুল মান্নান নিজের বক্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে যান রাশেদ খাঁন।

আগেও ‘ফালতু’ মন্তব্য ঘিরে বিতর্ক

এর আগে জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথিত বৈঠক নিয়ে অভিযোগ করেছিলেন রাশেদ খাঁন। তবে গত ১১ নভেম্বর জাতীয় সংসদে এসব অভিযোগ অস্বীকার করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সংসদে বক্তব্য দেওয়ার সময় নাম উল্লেখ না করে রাশেদ খাঁনকে ইঙ্গিত করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন জামায়াত আমির। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন রাশেদ।

তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নির্যাতনের শিকার হওয়ার পরও তাকে এভাবে অপমান করা হচ্ছে।

ওই বিতর্কের রেশ কাটতে না কাটতেই শুক্রবারের লাইভ টকশোতে একই মন্তব্যের মুখোমুখি হয়ে অনুষ্ঠান বর্জন করেন রাশেদ খাঁন।

বিজ্ঞাপন