• শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়টের সরবরাহ বাড়ানো কিয়েভের দীর্ঘদিনের দাবি। তবে লাইসেন্স হস্তান্তর বা উৎপাদন শুরুর ঘোষণা এখনো আসেনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের জেলেনস্কি বলেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠকে ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে। এ বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্য জানতে চেয়েছে সিএনএন।

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। জেলেনস্কি এর আগে সিএনএনকে বলেছিলেন, চলমান হামলা মোকাবিলায় প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের মাত্র এক-দশমাংশ ইউক্রেনের হাতে রয়েছে।

এর মধ্যেই শুক্রবার কিয়েভে ড্রোন হামলায় এক কিশোরসহ সাতজন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ইউক্রেনীয় কর্মকর্তাদের হিসাবে, সেদিন দেশটির আটটি অঞ্চলে হামলা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করা হলেও তারিখ ঠিক হয়নি। আগামী ১০ দিনের মধ্যে এ উদ্যোগের অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে বলে তিনি আশা করছেন।
রাশিয়া এখনো ওই বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনা শুরুর প্রস্তাবগুলো বিবেচনায় রয়েছে; সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাশিয়া নিজের জাতীয় স্বার্থ দেখবে।
সূত্র: সিএনএন

বিজ্ঞাপন