• শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু

আনিসুর রহমান: সাভার প্রতিনিধি
আনিসুর রহমান: সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪২ ১০ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও মশার উপদ্রব কমাতে সাভারের বনগাঁও ইউনিয়নে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। ‘মশা তাড়াও, এলাকা বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আবুল খায়ের।
বৃহস্পতিবার বিকেলে বনগাঁও ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করার পাশাপাশি মশার বিস্তার রোধে বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


উদ্বোধনী দিনে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে ফগার মেশিন ব্যবহার করে সড়ক, নর্দমা ও ঝোপঝাড়ে মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনের এ কর্মসূচির আওতায় বনগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির উদ্বোধনকালে আব্দুল্লাহ আবুল খায়ের বলেন, ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি থেকে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষিত রাখতেই স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু মশা নিধনকারী ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
আবুল খায়ের আরও জানান, আগামী তিন দিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদি সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় জনকল্যাণমূলক কাজে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ আবুল খায়ের।

বিজ্ঞাপন