• বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা সোহেল

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা সোহেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:২৬ ২১ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৬ (সদর) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। একদিকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মাঠে সক্রিয়, অন্যদিকে এবার সেই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলের নেতাকর্মীরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় প্রস্তুতির অংশ হিসেবে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

মনোনয়ন ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বগুড়া-৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের বিপরীতে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান মনোনয়ন পেলে নির্বাচনী লড়াই আরও তীব্র আকার ধারণ করবে। ইতোমধ্যে দুই দলের তৎপরতায় এলাকাজুড়ে নির্বাচনী আলোচনা জোরালো হচ্ছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, বগুড়া-৬ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী আসন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতেই এই আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

এ সময় বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে বিজয়ী করবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/