• বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ পিআরপদ্ধতি বোঝেই না: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ পিআরপদ্ধতি বোঝেই না: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:২৭ ৪ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়, ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যায় না। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কখনো মাথা নত করবে না। দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবিধান বদলের অধিকার কারও নেই

সালাহউদ্দিন আহমদ বলেন, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই। যদি এভাবে সংবিধান পরিবর্তন করা হয়, তবে আগামীতে বারবার একই দাবি উঠবে। তিনি আরও বলেন, জনগণের অভিপ্রায় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু সেই অভিপ্রায় বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ও উপদেষ্টাদের শপথ বৈধতা পেয়েছে।

পিআর–পদ্ধতি নিয়ে বিভ্রান্তি

সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতি বোঝেই না। তাহলে এমন একটি পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা কতটা যৌক্তিক?

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা এবং নির্বাচন বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র করছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে ফ্যাসিবাদের উৎপাত আবারও শুরু হবে।

জনগণের স্বার্থে ফেরার আহ্বান

তিনি বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের জনগণের স্বার্থে সঠিক পথে ফেরত আসতে হবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ফল বাস্তবায়িত হচ্ছে। তবে সংবিধানের যেসব বিষয় পরিবর্তন দরকার, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সংসদের ওপর বর্তাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হারুন। এতে আরও বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
 

বিজ্ঞাপন