• মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ

স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৬ ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছে ২৬টি স্টারলিংক ভি৩ স্যাটেলাইট স্থাপন করেছে স্পেসএক্সের স্টারশিপ রকেট। তবে ইঞ্জিনে সমস্যার কারণে অভিযান সংক্ষিপ্ত করা হয়। পরে প্রশান্ত মহাসাগরে নিয়ন্ত্রিতভাবে নামানোর সময় যানটিতে আগুন ধরে এবং বিস্ফোরণ ঘটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্রাউনসভিলের কাছে স্টারবেস থেকে যাত্রা শুরু করে স্টারশিপ। সুপার হেভি বুস্টারসহ সম্পূর্ণ রকেটটির উচ্চতা প্রায় ৪০ তলা ভবনের সমান। এটি ছিল স্টারশিপের ১৪তম পরীক্ষামূলক ফ্লাইট।
উড্ডয়নের পর বুস্টার থেকে আলাদা হওয়ার সময় স্টারশিপের একটি মূল ইঞ্জিন আগেভাগে বন্ধ হয়ে যায়। প্রথমে কক্ষপথে পৌঁছানো সম্ভব হবে না বলে জানানো হলেও অন্য ইঞ্জিন ব্যবহার করে পরিস্থিতি সামাল দেন প্রকৌশলীরা। শেষ পর্যন্ত প্রায় ২৬৯ কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ২৬টি স্টারলিংক ভি৩ স্যাটেলাইটই নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। এটি স্টারশিপের প্রথম আয় সৃষ্টিকারী বাণিজ্যিক অভিযান। অ্যাকু কম্পোনেন্টসের কোয়ালিটি ম্যানেজার ডিন স্ল্যাডেন স্যাটেলাইট স্থাপনের সাফল্যকে বড় অর্জন হিসেবে বর্ণনা করেন।

ইঞ্জিনের সমস্যায় ১০ ঘণ্টার পরিকল্পিত অভিযান প্রায় তিন ঘণ্টায় শেষ করা হয়। ফেরার সময় থ্রাস্টারের সাহায্যে যানটিকে খাড়া অবস্থায় এনে সমুদ্রে নামানো হয়। পানিতে স্পর্শের পর নিচের অংশে আগুন ধরে; এরপর যানটি কাত হয়ে পড়লে বড় বিস্ফোরণ দেখা যায়। এই অভিযানে সমুদ্র থেকে স্টারশিপ উদ্ধার করে পুনরায় ব্যবহারের পরিকল্পনা ছিল না।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান নিরাপদ ও দায়িত্বশীলভাবে অভিযান পরিচালনা এবং কক্ষপথে পৌঁছানোর অর্জনের জন্য স্পেসএক্সকে অভিনন্দন জানিয়েছেন।
স্পেসএক্সের তথ্য অনুযায়ী, নতুন ভি৩ স্যাটেলাইট আগের ভি২ মিনি সংস্করণের তুলনায় ১০ গুণ বেশি ডেটা সামলাতে পারে। স্টারশিপের উন্নয়নে প্রতিষ্ঠানটির ব্যয় ইতোমধ্যে ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে; পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয় ২০২৩ সালে।
এদিকে সোমবার স্পেসএক্সের শেয়ারের দাম ২ শতাংশ কমে। আগের শুক্রবারের লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল প্রায় ২ ট্রিলিয়ন ডলার।

বিজ্ঞাপন