• শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, ব্যক্তি নয়—নির্বাচনী আপিল শুনানিতে ইসির স্পষ্ট বার্তা

রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে, ব্যক্তি নয়—নির্বাচনী আপিল শুনানিতে ইসির স্পষ্ট বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:১৩ ১৮ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার চাইলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানিতে দেওয়া এই বক্তব্য নির্বাচন কমিশনের অবস্থানকে স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মনোনয়ন আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। শুনানিতে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী করা আপিলের বিষয়টি আলোচনায় আসে।

শুনানিকালে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নির্দিষ্ট কিছু কারণে আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন। এ সময় ওই যুক্তির প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্পষ্ট করে বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নয়। ফলে কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায় না।

সব পক্ষের বক্তব্য ও আইনি যুক্তি শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে টাঙ্গাইল-৪ আসনে তার প্রার্থিতা চূড়ান্তভাবে টিকে থাকল।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকাল সোয়া ১০টায় আগারগাঁওয়ের ইসি ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ায় ব্যক্তি ও দলের আইনি অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন