• মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াতসহ আট দল: মির্জা ফখরুল

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াতসহ আট দল: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:২৭ ৭ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এ অবস্থায় জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের গণভোট দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট গঠন করেছে। তারা নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এটি নিছক কোনো দাবি নয়, বরং নির্বাচনের আগেই একটি পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—গণভোট যদি হয়, তা অবশ্যই নির্বাচনের দিনেই হতে হবে। আলাদা দিনে গণভোট আয়োজন মানে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় এবং নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করা। যারা নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে, তারা মূলত নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে।”

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।”

সমাবেশ শেষে বিকাল সোয়া ৪টার দিকে নয়াপল্টন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা পর্যন্ত গিয়ে শেষ হয়।

বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের হাজারও নেতাকর্মী অংশ নেন। র‍্যালিপূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন