• রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন

সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:১৮ ১৫ নভেম্বর ২০২৬

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) লেহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ নির্দেশ দেন। এ সময় কোনো ধরনের র‍্যালি, মিছিল বা সমাবেশে অংশ নিতে পারবেন না তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের সময়সূচি ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে আসছেন সোনম ওয়াংচুকসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।

শনিবার (১৪ নভেম্বর) এ বিষয়ে আয়োজিত একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাঁকে সরিয়ে নেওয়ার পরদিনই তাঁর বিরুদ্ধে ৬০ দিনের গৃহবন্দির নির্দেশ জারি করা হয়।

প্রশাসনের নির্দেশে লেহ পুলিশের প্রতিবেদন এবং পুলিশপ্রধানের একটি চিঠির উল্লেখ রয়েছে। ওই চিঠিতে ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করা হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গৃহবন্দির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সোনম ওয়াংচুক। তিনি জানান, তাঁর বাড়ির চারপাশে কয়েক ডজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। রোববার থেকেই এই বিধিনিষেধ কার্যকর হয়েছে এবং পরবর্তী ৬০ দিন তা বহাল থাকবে।

এদিকে আগামী ৪ ডিসেম্বরের নির্বাচন নিয়ে ওয়াংচুক ও অন্যান্য অধিকারকর্মীদের আপত্তির অন্যতম কারণ আবহাওয়া। তাঁদের আশঙ্কা, ওই সময়ে লাদাখে তীব্র শীত থাকবে। পাশাপাশি অনেক মানুষ অন্যত্র চলে যাওয়ায় ভোটার উপস্থিতি ও নির্বাচনে অংশগ্রহণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, সোনম ওয়াংচুক ভারতের একজন সুপরিচিত উদ্ভাবক, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর র‍্যাঞ্চো চরিত্রটি তাঁর জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত বলে পরিচিত। লাদাখের পরিবেশ সংরক্ষণ এবং অঞ্চলটির অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন