• শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন

শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০ ২০ নভেম্বর ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে এই আলোচনা। তবে কিয়ারার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি লেখেন মাত্র একটি শব্দ—‘নেক্সট’। এরপর থেকেই চলচ্চিত্রাঙ্গনে আলোচনা শুরু হয়, শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা কি তাহলে বলিউডের এই তারকা?

হিমেল আশরাফ পরিচালিত ‘মোহাব্বাত’ সিনেমার নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে। এর আগে সিনেমাটিতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্র নিয়ে শাকিব খানের মন্তব্যের পর সেই জল্পনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের নতুন পোস্টে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ‘কবির সিং’খ্যাত কিয়ারা আদভানি।

শাকিবের সিনেমায় বিদেশি নায়িকার চমক নতুন নয়

এর আগেও শাকিব খানের সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। দুটি সিনেমাতেই ভিনদেশি নায়িকা থাকায় ‘মোহাব্বাত’-এও আন্তর্জাতিক অঙ্গনের কোনো অভিনেত্রীকে নেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

সেই ধারাবাহিকতায় এবার বলিউডের কিয়ারা আদভানির নাম সামনে আসায় সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

তবে প্রযোজকের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই কিয়ারা আদভানির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। এ বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০২৭ সালের ঈদুল আজহায় ‘মোহাব্বাত’ মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা জানতে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দর্শকদের।

বিজ্ঞাপন