• মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান

সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৩ ২৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহের মৃত্যুর পর তাঁর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আমিন খান। ক্ষতিগ্রস্ত প্রযোজক-পরিচালকদের পাশে দাঁড়ানো এবং বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন এই অভিনেতা।

তবে সব ছবিতে যুক্ত হওয়া সম্ভব হয়নি। আমিন খানের ভাষ্য, গল্প পরিবর্তনের সুযোগ থাকায় শেষ পর্যন্ত শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় কাজ করেছিলেন তিনি।
সেই সময়ের স্মৃতি তুলে ধরে আমিন খান জানান, সালমান শাহের মৃত্যুর খবর আসার দিন সকালে তিনি এফডিসিতে ছিলেন। সেখানে প্রযোজক ও পরিচালকদের কান্না এবং অসহায় অবস্থা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাঁদের প্রতিক্রিয়া দেখে তাঁর মনে হয়েছিল, তাঁরা যেন সব হারিয়ে ফেলেছেন।


তখনই অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার চিন্তা আসে তাঁর। আমিন খান চেয়েছিলেন, সালমানকে গল্পে রেখেই কাহিনি নতুনভাবে সাজানো গেলে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করবেন। এতে অন্তত সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারত।

এই প্রস্তাবের সঙ্গে বন্ধুর প্রতি আবেগও জড়িয়ে ছিল বলে জানান আমিন খান। তাঁর মনে হয়েছিল, কাজগুলো শেষ করা গেলে চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষদের কষ্ট কিছুটা কমবে এবং প্রয়াত বন্ধুর আত্মাও শান্তি পাবে।

সালমানের সঙ্গে একই সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি বলে জানান তিনি। তবে তাঁদের মধ্যে নিয়মিত আড্ডা ও বন্ধুত্ব ছিল। সেই সম্পর্ক এবং সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকেই সাহায্যের হাত বাড়াতে চেয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত অন্য ছবিগুলোর গল্প সেভাবে বদলানো সম্ভব হয়নি বলে জানান আমিন খান। সালমানকে স্মরণ করে তিনি বলেন, ‘বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক—সবসময় এটাই আমার চাওয়া।’

বিজ্ঞাপন