• শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবনূরের আবেগঘন পোস্ট: ‘তিনি শুধু নায়ক নন, জীবনেরও উদাহরণ’

শাবনূরের আবেগঘন পোস্ট: ‘তিনি শুধু নায়ক নন, জীবনেরও উদাহরণ’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:১১ ১৪ অক্টোবর ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। গত আগস্টে তার মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।

গত মাসের শেষ দিকে অভিনেতার ছেলে মিরাজ মইন জয় বাবার অসুস্থতার খবরটি জনসমক্ষে আনেন। এরপর থেকেই চলচ্চিত্র অঙ্গনের তারকারা একে একে প্রকাশ করছেন উদ্বেগ ও শুভকামনা। ইতিমধ্যেই লন্ডনে গিয়ে সহকর্মী ও প্রিয় বন্ধু রোজিনা তাকে দেখে এসেছেন। সামাজিক মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন শাকিব খান, ডিপজল, রিয়াজ, মৌসুমীসহ অনেক তারকা।

এরই ধারাবাহিকতায় এবার আবেগঘন বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—

“বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ— খবরটি শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটির হাসিমুখ আজ অসুস্থতার ছায়ায় মলিন, এটা ভাবতেই কষ্ট লাগে। তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেরও নায়ক— যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও মানুষকে সচেতন করেছেন, সড়ক নিরাপত্তার আন্দোলনে প্রাণ দিয়েছেন।”

তিনি আরও লিখেছেন,

“জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার অবদান অনন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন আর আগের মতো প্রাণবন্ত হাসি নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের যাত্রা শুরু হয়েছিল আশির দশকের শুরুতে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। “বেদের মেয়ে জোসনা”, “অন্তরঙ্গ”, “নয়নের আলো”, “চোখে চোখে কথা হয়”সহ বহু হিট সিনেমায় তার অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

অভিনয়জীবনের বাইরেও ইলিয়াস কাঞ্চনকে দেশবাসী চেনেন একজন মানবিক মানুষ হিসেবে। স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকেই তিনি নিজেকে নিবেদন করেন সড়ক নিরাপত্তা আন্দোলনে। তার প্রতিষ্ঠিত সংগঠন “নিরাপদ সড়ক চাই” দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছে।

চলচ্চিত্রের সহকর্মী ও ভক্তরা একযোগে প্রার্থনা করছেন যেন প্রিয় এই অভিনেতা দ্রুত আরোগ্য লাভ করেন এবং আগের মতো সুস্থভাবে আবারও পর্দায় ফিরে আসেন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/