• সোমবার , ০৫ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল

নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ ৫ অক্টোবর ২০২৬

নারী এল ক্লাসিকোতে একতরফা আধিপত্য দেখিয়ে রিয়াল মাদ্রিদকে ৭–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লিগা এফ-এর মৌসুমের প্রথম ক্লাসিকোতে চার গোল করে জয়ের নায়ক হয়েছেন ক্লদিয়া পিনা।

রোববার (৪ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই রিয়ালের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে স্বাগতিকরা। মাত্র চতুর্থ মিনিটে পিনার গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

এরপর ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিনা। চার মিনিট পর আবারও জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ঠিক পরের মিনিটেই ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।

বিরতির আগেই নিজের চতুর্থ গোল করেন পিনা। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম বার্সেলোনা নারী ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েন তিনি।

দ্বিতীয়ার্ধেও থামেনি বার্সার আক্রমণ। ৫৫ মিনিটে এভা পায়োর গোল করে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে সিডনি শেরটেনলেইব সপ্তম গোলটি করেন। শেষ পর্যন্ত ৭–০ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে শুধু এল ক্লাসিকোতে বড় ব্যবধানের জয়ই নয়, লিগ টেবিলেও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সা। ম্যাচের পর শীর্ষস্থানে তাদের লিড পাঁচ পয়েন্টে পৌঁছায়।

ম্যাচটি আরও স্মরণীয় হয়ে ওঠে দর্শক উপস্থিতির কারণে। স্পটিফাই ক্যাম্প ন্যুতে ৪০ হাজার ৫৩৩ দর্শক উপস্থিত ছিলেন, যা লিগা এফ-এর ইতিহাসে নতুন রেকর্ড।

রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত হতাশাজনক। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সেলোনার রক্ষণ ও গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

বিজ্ঞাপন