• সোমবার , ০৯ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার

১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৯ ৯ নভেম্বর ২০২৬

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে অন্যায়, নিপীড়ন ও ডামি নির্বাচনের কারণে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রের সঙ্গে দেশের উন্নয়নের সম্পর্ক তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

জাতীয় সংসদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো, সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণের অধিকার সুরক্ষায় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশের পরিবেশ বজায় রাখা জরুরি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জনের পেছনে রয়েছে মানুষের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেম। মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার, বৈষম্যহীন রাষ্ট্র এবং মানুষের প্রত্যাশার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যরা যেন নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

বিজ্ঞাপন