• রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:৫০ ১৮ অক্টোবর ২০২৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়েছে দেশের সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার গত এক বছরে জীবনযাত্রার ব্যয় মেটাতে ঋণ নিয়েছে।
জাতীয় বেতন কমিশনের অনুরোধে পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি গ্রামাঞ্চলে। সেখানে ৫১ দশমিক ৯১ শতাংশ পরিবার ধারদেনা করেছে। অন্যদিকে শহরাঞ্চলে এই হার ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ৩২ দশমিক ১১ শতাংশ।
আয়-ব্যয়ের হিসাবেও উদ্বেগজনক চিত্র দেখা গেছে। জাতীয় পর্যায়ে পরিবারপ্রতি গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা হলেও ব্যয় দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১১ টাকায়। অর্থাৎ গড় হিসাবে প্রতি মাসে আয়ের তুলনায় ব্যয় ১ হাজার ৭৯৮ টাকা বেশি।

সিটি করপোরেশন এলাকায় পরিবারপ্রতি মাসিক গড় ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা। অন্যান্য শহরাঞ্চলে ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামে ৩২ হাজার ৫৩২ টাকা।
বিবিএস গত বছরের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের ১৫০টি নমুনা এলাকার ৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করে জরিপটি পরিচালনা করে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং প্রকৃত মজুরি কমে যাওয়ায় পরিবারের আর্থিক সক্ষমতা দুর্বল হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, আয় ও কর্মসংস্থান না বাড়লে সাধারণ মানুষের ঋণনির্ভরতা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন