• বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৯ ১৪ অক্টোবর ২০২৬

দেশজুড়ে এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান বন্ধ রাখার দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এ সিদ্ধান্ত জানায়। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি আর থাকছে না।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
এ সময় ধর্মঘট চালিয়ে গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দুই মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের মাধ্যমে দাম বাড়ানোর চেষ্টা করা হলে ১৯৫৬ সালের সংশ্লিষ্ট আইন প্রয়োগ করা হবে। ব্যবসায়ীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানও জানান তিনি।
এর আগে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দুই দিনের ধর্মঘটের ঘোষণা দেন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান। এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে বৃহস্পতিবার ও শুক্রবার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি।
তবে সরকারের সঙ্গে আলোচনার পর সেই কর্মসূচি প্রত্যাহার করায় আপাতত এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের আশঙ্কা কেটেছে।

বিজ্ঞাপন