• বৃহস্পতিবার , ০১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ ১ অক্টোবর ২০২৬

মেঘনা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হিসেবে একই পরিবারের দুই ভাই-বোন দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠান দুটির খেলাপি ঋণ বেড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। মেঘনা ব্যাংকের চেয়ারম্যান উজমা চৌধুরী এবং মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সম্পর্কে ভাই-বোন। দুজনই প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে যুক্ত।

২০১৩ সালে প্রতিষ্ঠার সময় উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর ২০২৫ সালের ১৬ মার্চ উজমা চৌধুরী ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার আগে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩ দশমিক ৭৮ শতাংশ। চলতি বছরের জুন শেষে তা বেড়ে ৪৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের ৫ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে, আহসান খান চৌধুরীও ২০১৩ সালে মিডল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠার সময় অন্যতম উদ্যোক্তা ছিলেন। ২০২৫ সালের ২০ মার্চ ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তার দায়িত্ব নেওয়ার আগে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ২৩৯ কোটি টাকা বা মোট ঋণের ৩ দশমিক ৭৮ শতাংশ। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ বেড়ে ৪১২ কোটি টাকা হয়েছে, যা মোট ঋণের ৫ দশমিক ৬৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান উজমা চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্যাংকসংশ্লিষ্টদের উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই পরিবারের দুই সদস্যের দুটি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান হওয়ার ঘটনা দেশে প্রথম। পারিবারিক প্রভাব বা নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা অতীতেও দেখা গেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন